ব্যান্ডউইথ রপ্তানিতে সৌদির সাথে সাবমেরিন ক্যাবল কোম্পানির চুক্তি

১৪ মে, ২০২১ ০১:২১  
সৌদী আরবে ৬০০ জিবিপিএস (গিগাবাইটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ রপ্তানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এ লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানিয়েছেন, সৌদি টেলিকম কোম্পানির (এসটিসি) সঙ্গে ব্যান্ডউইথ রফতানির চুক্তি করেছে বিএসসিসিএল। জানা গেছে, এই চুক্তির ফলে বাংলাদেশ ৩ দশমিক ৬ মিলিয়ন ডলার (স্থানীয় মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) পাবে সৌদি আরবের কাছ থেকে। তবে এটি এককালীন। এর বাইরে সৌদি আরব রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ বাংলাদেশকে প্রতি বছর ১ লাখ ২০ হাজার ডলার দেবে। তবে রক্ষণাবেক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ সরাসরি পাবে না বাংলাদেশ। বাংলাদেশকে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ বাবদ যে অর্থ কনসোর্টিয়ামকে পরিশোধ করতে হয়, সেখান থেকে এই পরিমাণ অর্থ বাদ যাবে। সৌদি আরব তাদের দেশের প্রান্ত থেকে এই সক্ষমতা ব্যবহার করবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।